নারকেলের জল নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ, হাসপাতালে ১০!

বিহারের রোহতাস জেলার সাসারাম এলাকার বভনি বাজারে নারকেলে জল না থাকাকে কেন্দ্র করে এক তুচ্ছ ঘটনার জেরে ভয়াবহ সংঘর্ষে অন্তত ১০ জন গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার সন্ধ্যায় মণীশ কুমার সিং নামে এক যুবক স্থানীয় ব্যবসায়ী শিবাজি সিংয়ের দোকান থেকে একটি নারকেল কেনেন। পরদিন বুধবার সেই নারকেলে জল নেই দাবি করে টাকা ফেরত চাওয়া নিয়ে শুরু হওয়া বাগ্‌বিতণ্ডা দ্রুত সহিংসতায় রূপ নেয়। এক পর্যায়ে দুই পক্ষের আত্মীয়-স্বজন ও গ্রামবাসীরা লাঠিসোঁটা নিয়ে একে অপরের ওপর ঝাঁপিয়ে পড়েন। এতে আহতদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য বড় হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।

ঘটনার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পুলিশি তদন্তে দুই পক্ষের মোট ৩০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে এবং এখন পর্যন্ত ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের মধ্যে ব্যবসায়ী শিবাজি সিংয়ের দুই ছেলেও রয়েছেন। বাকি ২৪ জন অভিযুক্তকে ধরতে বর্তমানে বিভিন্ন এলাকায় পুলিশি তল্লাশি অভিযান চলছে। একটি নারকেলের মূল্য ফেরত দেওয়া সংক্রান্ত সামান্য বিষয় থেকে এমন নজিরবিহীন সংঘর্ষের ঘটনায় পুরো এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *