নারীর অধিকারে আপসহীন হলেও সীমানা পুনর্নির্ধারণের নামে ষড়যন্ত্র রুখবে তৃণমূল!
নারী সংরক্ষণ বিলকে পূর্ণ সমর্থন জানালেও সীমানা পুনর্নির্ধারণ প্রক্রিয়ার যৌক্তিকতা নিয়ে গুরুতর প্রশ্ন তুলেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার দমদমের এক নির্বাচনী জনসভায় তিনি অভিযোগ করেন, সীমানা পুনর্নির্ধারণের আড়ালে কেন্দ্রীয় সরকার রাজনৈতিক ষড়যন্ত্র করছে এবং এর মাধ্যমে বিজেপি কোনো বিশেষ রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টা করছে।
একই সঙ্গে, আসন্ন নির্বাচনে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলোর অতিসক্রিয়তা নিয়েও সরব হয়েছেন মুখ্যমন্ত্রী। শুক্রবার তৃণমূল প্রার্থী দেবাশিস কুমারের বাড়িতে আয়কর অভিযানের প্রসঙ্গ টেনে তিনি অভিযোগ করেন, বিরোধীদের প্রচার বাধাগ্রস্ত করতেই ইডি, সিবিআই ও আয়কর দফতরকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে। গণতান্ত্রিক পরিবেশে এমন ঘটনা নজিরবিহীন বলে দাবি করে তিনি দলীয় কর্মীদের ভীতিমুক্ত থেকে সাহসের সঙ্গে লড়াই চালিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছেন।