২৯ জন প্রার্থী সই করা ছাড়া কিছুই জানেন না, হতবাক নিয়োগকর্তারা!
আসন্ন বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোটগ্রহণের আগে প্রার্থীদের জমা দেওয়া হলফনামা বিশ্লেষণ করে তাঁদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী, প্রথম দফার প্রার্থীদের মধ্যে ১৪ জন সম্পূর্ণ নিরক্ষর এবং ২৯ জন কেবল নিজের নাম স্বাক্ষর করতে পারেন। এছাড়া ৩২ জন প্রার্থী পঞ্চম শ্রেণি, ১৮০ জন অষ্টম শ্রেণি এবং ২৪৬ জন দশম শ্রেণি পর্যন্ত পড়াশোনা করেছেন। জনপ্রতিনিধিদের এই শিক্ষাগত মান নিয়ে সাধারণ ভোটারদের মধ্যে ব্যাপক কৌতূহল ও বিতর্কের সৃষ্টি হয়েছে।
নির্বাচনে অংশগ্রহণের ক্ষেত্রে কোনো নির্দিষ্ট শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা না থাকায় এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। অনেক ক্ষেত্রে রাজনৈতিক দলগুলো প্রার্থীর জনপ্রিয়তাকে শিক্ষার তুলনায় বেশি গুরুত্ব দেয়। আধুনিক প্রশাসনিক কাঠামো ও আইন প্রণয়নের জটিল প্রক্রিয়া পরিচালনার ক্ষেত্রে একজন জনপ্রতিনিধির ন্যূনতম শিক্ষা থাকা প্রয়োজন কি না, তা নিয়ে জনমনে নতুন করে আলোচনার সূত্রপাত হয়েছে। স্বল্পশিক্ষিত এসব প্রার্থীর জয়-পরাজয় আগামী দিনে বিধানসভার গুণগত মানের ওপর কী প্রভাব ফেলে, এখন সেটাই দেখার বিষয়।