সরকারি হাসপাতালে ২৪ ঘণ্টার কড়া নজরদারি, রেফার রোগ বন্ধে বড় পদক্ষেপ স্বাস্থ্য দফতরের!

রাজ্যের সরকারি হাসপাতাল ও মেডিক্যাল কলেজগুলোতে স্বচ্ছতা ফেরাতে এবং পরিষেবা নিশ্চিত করতে ২৪ ঘণ্টা লাইভ মনিটরিং ব্যবস্থা চালু করতে চলেছে সরকার। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশে রাজ্য স্বাস্থ্যভবনে একটি বিশেষ কন্ট্রোল রুম খোলা হচ্ছে, যেখান থেকে হাসপাতালের প্রতিটি খুঁটিনাটি বিষয়ের ওপর সার্বক্ষণিক নজর রাখা হবে। এই পদক্ষেপে হাসপাতালের পরিচ্ছন্নতা, বেড সংকট, শৌচাগারের অবস্থা এবং রোগীদের ভর্তির ক্ষেত্রে কোনো দীর্ঘসূত্রতা হচ্ছে কি না, তা সরাসরি পর্যবেক্ষণ করা হবে।

স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. ইন্দ্রনীল খাঁ জানিয়েছেন, সরকারি হাসপাতালে দালালের উপস্থিতি সম্পূর্ণ নির্মূল করতে এই কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে। পাশাপাশি, অতীতে সিসিটিভি ক্যামেরা অকেজো থাকার যে অভিযোগ ছিল, তা দূর করতে নতুন করে ক্যামেরা বসানো ও ব্লাইন্ড স্পটগুলো চিহ্নিতকরণের ওপর জোর দেওয়া হচ্ছে। এই নজরদারি ব্যবস্থার মাধ্যমে রেফার করার প্রবণতা কমানো, স্বাস্থ্যকর্মীদের সময়মতো উপস্থিতি নিশ্চিত করা এবং হাসপাতালগুলোকে প্রকৃত অর্থে ‘আরোগ্য মন্দির’ হিসেবে গড়ে তোলাই সরকারের মূল লক্ষ্য।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *