মহিলাদের ফ্রি বাস সফর! প্রথম দিনেই SBSTC-তে উপচে পড়ল ভিড়!
পশ্চিমবঙ্গে নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী ১ জুন থেকে মহিলাদের জন্য বিনামূল্যে সরকারি বাস পরিষেবা চালু হয়েছে। যাত্রীদের নির্দিষ্ট পরিচয়পত্র দেখিয়ে ‘জিরো-ভ্যালু’ বা মূল্যহীন টিকিট সংগ্রহ করে এই পরিষেবার সুবিধা নিতে হচ্ছে। সরকারি বাস পরিষেবা চালুর প্রথম দিনেই কলকাতা ও পার্শ্ববর্তী জেলাগুলোর বাসস্ট্যান্ড এবং টার্মিনাসগুলোতে মহিলা যাত্রীদের ব্যাপক ভিড় লক্ষ্য করা গেছে। দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগমের (SBSTC) তথ্য অনুযায়ী, প্রথম দিন সকাল থেকে বিকেল পর্যন্ত প্রায় ৯ হাজার মহিলা যাত্রী এই পরিষেবার সুযোগ নিয়েছেন, যেখানে বিভিন্ন রুটের সরকারি বাসে যাত্রী সংখ্যার প্রায় ৫৫ থেকে ৬০ শতাংশই ছিলেন নারী।
পরিবহন ব্যবস্থা পর্যবেক্ষণ করতে প্রথম দিন গড়িয়াহাট থেকে রুবি পর্যন্ত একটি এসি বাসে সফর করেন পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। পাশাপাশি, রানি রাসমনি রোড সংলগ্ন বাস স্ট্যান্ডে গিয়ে যাত্রীদের হাতে টিকিট তুলে দেন বিধায়ক সজল ঘোষ। পরিবহন বিশেষজ্ঞদের মতে, এই উদ্যোগের ফলে কর্মজীবী মহিলা ও ছাত্রীদের যাতায়াত খরচ সাশ্রয় হবে, যা ক্রমবর্ধমান মূল্যবৃদ্ধির বাজারে সাধারণ পরিবারগুলোর জন্য বড় ধরনের আর্থিক স্বস্তি। তবে প্রথম দিনের বিপুল চাপ সামাল দিয়ে আগামী দিনে সরকারি বাসের সংখ্যা বৃদ্ধি করা প্রশাসনের জন্য একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে বলে ধারণা করা হচ্ছে।