তৃণমূল ভাঙলেও বিজেপি কি দরজা খুলবে? সাফ জানালেন শমীক!
June 3, 2026
তৃণমূল কংগ্রেসের অভ্যন্তরীণ অস্থিরতার জেরে দল ভাঙার গুঞ্জন তৈরি হলেও, তাতে হস্তক্ষেপ করার কোনো ইচ্ছা নেই বলে জানিয়েছেন বিজেপি রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। দিল্লিতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি স্পষ্ট করেছেন যে, তৃণমূলের এই সংকট সম্পূর্ণভাবে শাসকদলের নিজস্ব বিষয়। দল ভাঙুক বা টিকে থাকুক, এর দায় সম্পূর্ণরূপে মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের ওপরই বর্তায় বলে মন্তব্য করেছেন তিনি।
পাশাপাশি, তৃণমূল থেকে নেতাদের বিজেপি দলে যোগদানের জল্পনাও খারিজ করে দিয়েছেন শমীক ভট্টাচার্য। তিনি সাফ জানিয়ে দিয়েছেন, দুর্নীতির সঙ্গে জড়িত ব্যক্তিদের দলে নিয়ে বিজেপির আদর্শ ক্ষুণ্ণ করা হবে না। দলের স্বচ্ছ ভাবমূর্তি ধরে রাখতে এবং দলের ‘তৃণমূলীকরণ’ রোধ করতেই অন্য দল থেকে নেতা নেওয়ার পথে না হাঁটার সিদ্ধান্ত নিয়েছে বঙ্গ বিজেপি নেতৃত্ব।