গড়বেতায় রহস্যমৃত্যু, বাড়ির ভেতর মিলল যুবকের ঝুলন্ত দেহ!
পশ্চিম মেদিনীপুরের গড়বেতা তিন নম্বর ব্লকের কুশতোড়া গ্রামে ২২ বছর বয়সী অনুপ সিং নামের এক যুবকের রহস্যজনক মৃত্যু হয়েছে। বুধবার বিকেলে বাড়ির ভেতরে ওই যুবককে ঝুলন্ত অবস্থায় দেখতে পান পরিবারের সদস্যরা। ঘটনার খবর পেয়ে চন্দ্রকোনারোড বিট হাউসের পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাঁকে উদ্ধার করে দ্বারিগেড়িয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
বৃহস্পতিবার পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠায় এবং আইনি প্রক্রিয়া শেষে দেহটি পরিবারের হাতে তুলে দেয়। পুলিশ ঘটনার নেপথ্যে থাকা সুনির্দিষ্ট কারণ অনুসন্ধানে স্থানীয়দের জিজ্ঞাসাবাদ শুরু করেছে। পারিবারিক অশান্তি, ব্যক্তিগত অবসাদ নাকি অন্য কোনো কারণে এই মৃত্যু, তা নিশ্চিত হতে ময়নাতদন্তের রিপোর্টের অপেক্ষায় রয়েছে পুলিশ।