মোবাইলে বিশেষ সতর্কবার্তা, দুর্যোগ মোকাবিলায় নতুন প্রযুক্তি!

আবহাওয়া ও দুর্যোগ সংক্রান্ত আগাম সতর্কবার্তা দ্রুত মানুষের কাছে পৌঁছে দিতে সরকার স্মার্টফোনে একটি বিশেষ ‘সেল ব্রডকাস্ট’ প্রযুক্তি চালু করেছে। ন্যাশনাল ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি (এনডিএমএ)-এর ব্যবস্থাপনায় পরিচালিত এই ব্যবস্থায় নির্দিষ্ট ভৌগোলিক এলাকার ব্যবহারকারীদের মোবাইলে সরাসরি ‘এক্সট্রিমলি সিভিয়ার অ্যালার্ট’ বা অত্যন্ত জরুরি সতর্কবার্তা ফুটে উঠছে। এর মাধ্যমে আগামী কয়েক ঘণ্টার মধ্যে ঘণ্টায় ৯০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া, শিলাবৃষ্টি ও বজ্রপাতের মতো প্রাকৃতিক দুর্যোগের পূর্বাভাস তাৎক্ষণিকভাবে সাধারণ মানুষকে জানানো হচ্ছে।

নতুন এই প্রযুক্তিতে সাধারণ এসএমএস-এর পরিবর্তে ফোনের স্ক্রিনে সরাসরি সতর্কবার্তা ভেসে ওঠার পাশাপাশি উচ্চমাত্রার অ্যালার্ট টোন বেজে ওঠে। ‘সেল ব্রডকাস্ট’ প্রযুক্তির মাধ্যমে নির্দিষ্ট এলাকার সকল স্মার্টফোনে একই সময়ে এই বার্তা পৌঁছে দেওয়া সম্ভব হচ্ছে, যাতে সাধারণ মানুষ দুর্যোগ শুরুর আগেই নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার পর্যাপ্ত সময় পায়। মূলত দুর্যোগের সময় প্রাণহানি কমানো এবং জাতীয় জরুরি পরিস্থিতি বা নিরাপত্তার প্রয়োজনে দ্রুত তথ্য আদান-প্রদানের লক্ষ্যে সরকার এই প্রযুক্তি ব্যবহারের উদ্যোগ নিয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *