পুজোর আগেই সুখবর, কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ডিএ কি তবে আরও ৩ শতাংশ বাড়ছে?

উৎসবের মরশুমের আগে কেন্দ্রীয় সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের জন্য মহার্ঘ ভাতা (ডিএ) বৃদ্ধির সম্ভাবনা তৈরি হয়েছে। সবকিছু ঠিক থাকলে আগামী সেপ্টেম্বর বা অক্টোবর মাসের মধ্যে জুলাই মাসের বকেয়া ডিএ বৃদ্ধির আনুষ্ঠানিক ঘোষণা করতে পারে কেন্দ্রীয় সরকার। এই সিদ্ধান্তের ফলে দেশের লাখ লাখ কর্মরত ও অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী সরাসরি উপকৃত হবেন।
শ্রম ব্যুরোর সর্বশেষ ভোক্তা মূল্য সূচক (সিপিআই-আইডব্লিউ) অনুযায়ী, মূল্যস্ফীতির নিরিখে সপ্তম বেতন কমিশনের অধীনে এবার ডিএ আরও ৩ শতাংশ বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। বর্তমানে কেন্দ্রীয় কর্মীরা ৬০ শতাংশ হারে ডিএ পাচ্ছেন, যা নতুন সিদ্ধান্তের পর ৬৩ শতাংশে পৌঁছাতে পারে। ডিএ-র এই সম্ভাব্য বৃদ্ধির ফলে লেভেল-১ অনুযায়ী ১৮,০০০ টাকা মূল বেতনের একজন কর্মীর মাসিক বেতন ৫৪০ টাকা বৃদ্ধি পাবে। একইভাবে পেনশনভোগীদের ক্ষেত্রেও মহার্ঘ ত্রাণ (ডিআর) বৃদ্ধির ফলে মূল পেনশনের অনুপাতে মাসিক বাড়তি অর্থ পাওয়ার সম্ভাবনা রয়েছে।