আদানির সঙ্গে শুভেন্দুর হাইভোল্টেজ বৈঠক, বাংলায় কি আসছে বড় বিনিয়োগ?
পশ্চিমবঙ্গে বিজেপি সরকার ক্ষমতায় আসার এক মাসের মাথায় রাজ্যের শিল্প পুনর্গঠন ও কর্মসংস্থানের লক্ষ্যে শিল্পপতি গৌতম আদানির সঙ্গে বৈঠক করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নবান্নে আয়োজিত এই হাইভোল্টেজ বৈঠকে আদানির পাশাপাশি উপস্থিত ছিলেন আদানি পোর্ট ও স্পেশাল ইকোনমিক জোনের ম্যানেজিং ডিরেক্টর করণ আদানি। প্রায় এক ঘণ্টা স্থায়ী এই সৌজন্য সাক্ষাতে মূলত রাজ্যের পরিকাঠামো উন্নয়ন ও বৃহৎ বিনিয়োগের রূপরেখা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।
আদানি গোষ্ঠী রাজ্যে বিদ্যুৎ কেন্দ্র স্থাপন, সড়ক যোগাযোগ ব্যবস্থার আধুনিকীকরণ, ডেটা সেন্টার তৈরিসহ লজিস্টিক হাব তৈরির মতো বহুমুখী পরিকাঠামো প্রকল্পে বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছে। এর আগে তাজপুরে গভীর সমুদ্রবন্দর নির্মাণ নিয়ে যে আলোচনা হয়েছিল, নতুন প্রশাসন সেই প্রকল্পগুলোকে দ্রুত বাস্তবায়নের ওপর বিশেষ অগ্রাধিকার দিচ্ছে। লজিস্টিক হাব ও বন্দরকেন্দ্রিক এই বিনিয়োগ রাজ্যটিতে প্রত্যক্ষ কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি নতুন শিল্পবান্ধব পরিবেশ তৈরির পথ প্রশস্ত করবে বলে আশা করা হচ্ছে। এই বৈঠকের পরবর্তী ধাপে বিনিয়োগের চূড়ান্ত রূপরেখা নির্ধারণে বিস্তারিত আলোচনা হওয়ার কথা রয়েছে।