কলকাতা পুলিশে এক লপ্তে ৬৬ কর্মীর ‘ঘর ওয়াপসি’, নয়া নির্দেশে স্বস্তি!
কলকাতা পুলিশে ফিরছেন শাস্তির মুখে পড়া ৬৬ পুলিশকর্মী
রাজ্য রাজনীতিতে পালাবদলের পর প্রশাসনিক স্তরে বড়সড় রদবদল শুরু হয়েছে। এরই ধারাবাহিকতায়, পুরনো সরকারের আমলে শাস্তিস্বরূপ কলকাতা পুলিশ থেকে বদলি হওয়া ৬৬ জন পুলিশকর্মীকে ফের তাদের পুরনো কর্মস্থলে ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু করেছে প্রশাসন। এই ৬৬ জন কর্মীকে তাদের বর্তমান কর্মস্থল থেকে আনুষ্ঠানিকভাবে ফিরিয়ে আনার সম্মতি চেয়ে ডিআইজি পার্সোনেল সংশ্লিষ্ট দপ্তরে চিঠি পাঠিয়েছেন।
দীর্ঘদিন রাজ্য পুলিশের বিভিন্ন ইউনিটে দায়িত্ব পালন করার পর এই পুলিশকর্মীরা পুনরায় কলকাতা পুলিশে ফেরার সুযোগ পাচ্ছেন। প্রশাসনিক সক্ষমতা বৃদ্ধি এবং দীর্ঘদিনের ঝুলে থাকা কর্মীদের অভিযোগ নিরসনের লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে। প্রশাসনিক মহলের প্রত্যাশা, অভিজ্ঞতাসম্পন্ন এই কর্মীবাহিনী পুনরায় কলকাতা পুলিশে যোগ দিলে তা মহানগরের নিরাপত্তা ব্যবস্থায় ইতিবাচক প্রভাব ফেলবে।