তীব্র গরমে ক্লাসেই নাক দিয়ে রক্ত, কি স্কুল খোলা রাখা ঠিক?
তীব্র দাবদাহে দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরের মহারাজপুর ঠাঙ্গাপাড়া প্রাথমিক বিদ্যালয়ে দ্বিতীয় শ্রেণির এক ছাত্রের নাক দিয়ে রক্তক্ষরণের ঘটনা ঘটেছে। প্রচণ্ড গরমের কারণে ওই আট বছর বয়সী ছাত্র শ্রেণিকক্ষে অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। এই ঘটনার পর রাজ্যের বিভিন্ন জেলা থেকে পড়ুয়াদের অসুস্থ হওয়ার খবর পাওয়া যাচ্ছে। পরিস্থিতি বিবেচনায় নিয়ে রাজ্য স্কুলশিক্ষা দপ্তর রাজ্যের সব প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়কে মর্নিং স্কুল চালুর বিশেষ নির্দেশ দিয়েছে।
রাজ্য সরকার আগামী দুই সপ্তাহ স্কুলগুলোকে নিজেদের সুবিধামতো সময়সীমা নির্ধারণের স্বাধীনতা দিলেও, এই সিদ্ধান্ত নিয়ে শিক্ষা মহলে বিতর্ক তৈরি হয়েছে। অনেক জায়গায় সকাল সাড়ে ৬টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত ক্লাস করার পরামর্শ দেওয়া হয়েছে। তবে শিক্ষকদের একাংশের মতে, দুপুর সাড়ে ১২টার সময় বাড়ি ফেরার পথে পড়ুয়াদের হিটস্ট্রোক বা অসুস্থ হওয়ার ঝুঁকি থেকে যাচ্ছে। পাশাপাশি অনেক স্কুলে একাধিক শিফটে ক্লাস চলায় মর্নিং শিফট চালু করা প্রশাসনিকভাবেও চ্যালেঞ্জিং হয়ে দাঁড়িয়েছে। জুন মাসেও গরম অব্যাহত থাকার পূর্বাভাস থাকায় পড়ুয়াদের স্বাস্থ্য সুরক্ষায় কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে সচেতন মহল।