মালদা কাণ্ডে এনআইএ-র বড় সাফল্য, ফের গ্রেফতার ২!

মালদায় বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) কর্মসূচি চলাকালীন বিচারক আটকে রেখে হিংসার ঘটনায় তদন্তের পরিধি বাড়াল জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ। এই মামলায় জড়িত থাকার অভিযোগে মৌলানা ইমরান আলি ও রিঙ্কু শেখ নামে আরও দুই অভিযুক্তকে গ্রেপ্তার করেছে কেন্দ্রীয় সংস্থাটি। এই গ্রেপ্তারের ফলে মালদা কাণ্ডে ধৃতের সংখ্যা আরও বৃদ্ধি পেল।

চলতি বছরের এপ্রিল মাসে এসআইআর কর্মসূচির সময় জাতীয় সড়ক অবরোধ করে কর্তব্যরত বিচারকদের আটকে রাখার অভিযোগ ওঠে। এনআইএ-এর দাবি, ধৃত ইমরান আলি ও রিঙ্কু শেখ ওই বেআইনি জমায়েতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছিল এবং জনতাকে উসকানি দেওয়ার পাশাপাশি কর্তব্যরত পুলিশকর্মীদের ওপর হামলায় জড়িত ছিল। বিক্ষোভকারীদের ছোড়া পাথরের আঘাতে সে সময় পুলিশ বাসের এক চালক গুরুতর আহত হন।

সুপ্রিম কোর্টের নির্দেশে শুরু হওয়া এই তদন্তে এখন পর্যন্ত ১২টি মামলা রুজু হয়েছে, যার মধ্যে চারটি মামলার চার্জশিট ইতিমধ্যে দাখিল করা হয়েছে। বর্তমানে এই ঘটনায় ৩৫ জন অভিযুক্ত বিচারবিভাগীয় হেফাজতে রয়েছেন। ঘটনার নেপথ্যে বড় কোনো চক্রান্ত থাকতে পারে বলে অনুমান করছেন তদন্তকারীরা, যার সূত্র খুঁজতে এখন বাকি অভিযুক্তদের শনাক্তকরণ ও তল্লাশি অভিযান জোরদার করা হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *