শান্তি ও উন্নয়নের নতুন ধারায় বাংলা, বার্তা দিলেন দিলীপ ঘোষ!
রাজ্যে ‘আইনের শাসন’ প্রতিষ্ঠার বার্তা মন্ত্রী দিলীপ ঘোষের
নিউ টাউনের রবীন্দ্রতীর্থে মৈত্রী পিস ফাউন্ডেশন আয়োজিত ‘আন্তর্জাতিক বুদ্ধ শান্তি পুরস্কার ২০২৬’ অনুষ্ঠানে রাজ্যের পঞ্চায়েত, কৃষি বিপণন ও প্রাণিসম্পদ বিকাশ মন্ত্রী দিলীপ ঘোষ রাজ্যের শাসনব্যবস্থা ও প্রশাসনিক ভবিষ্যৎ রূপরেখা নিয়ে কড়া বার্তা দিয়েছেন। সভায় মন্ত্রী বিগত ১৫ বছরের প্রশাসনিক গাফিলতি ও দুর্নীতির কঠোর সমালোচনা করে জানান, রাজ্যে এখন ‘শাসকের আইন’ নয়, বরং ‘আইনের শাসন’ প্রতিষ্ঠার সময় এসেছে। আরজি কর কাণ্ডে অপরাধ ধামাচাপা দেওয়ার অভিযোগে তিন সিনিয়র পুলিশ অফিসারকে সাসপেন্ড করার প্রসঙ্গটি তুলে ধরে তিনি জানান, বর্তমান সরকার অপরাধের বিরুদ্ধে আপসহীন। এছাড়া নারী সুরক্ষা ও রাজনৈতিক নিপীড়নের অভিযোগ খতিয়ে দেখতে একজন মহিলা পুলিশ অফিসারের নেতৃত্বে বিশেষ কমিটি গঠন করা হয়েছে।
অর্থনৈতিক ও পরিকাঠামোগত উন্নয়নের প্রশ্নে মন্ত্রী জানান, রাজ্যে বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরি এবং বেকারত্ব দূর করা সরকারের অন্যতম লক্ষ্য। বিগত বছরগুলিতে ৫০ লক্ষাধিক যুবকের রাজ্যের বাইরে কর্মসংস্থানের খোঁজে চলে যাওয়ার পরিস্থিতির পরিবর্তনে তিনি ব্যবসায়ীদের আশ্বস্ত করে বলেন, এখন থেকে রাজ্যে সিন্ডিকেট রাজ বা তোলাবাজির কোনো জায়গা নেই। উন্নয়নের অংশ হিসেবে কলকাতার নতুন বিমানবন্দর ও খড়গপুরের কলাইকুন্ডা বিমানঘাঁটিকে সাধারণ যাত্রীদের ব্যবহারের উপযোগী করে তোলা এবং আধুনিক সড়ক, রেল ও জলপথ নির্মাণের মাধ্যমে বাংলাকে শিল্পের নতুন গন্তব্য হিসেবে গড়ে তোলার পরিকল্পনা ঘোষণা করেছেন তিনি।