দেড় কোটি গাছ কাটার পথে গ্রেট নিকোবর, দেশবাসী কি চুপ থাকবে!
বিশ্ব পরিবেশ দিবসে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের পরিবেশ ও আদিবাসী জীবনযাত্রা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধি। ইউটিউবে প্রকাশিত একটি ভিডিও বার্তায় তিনি বর্তমান উন্নয়নের মডেল ও এর যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন। রাহুল গান্ধির অভিযোগ, গ্রেট নিকোবর দ্বীপে প্রায় দেড় কোটি গাছ কাটার পরিকল্পনা করা হয়েছে, যা আদিবাসীদের উচ্ছেদ করে এবং প্রবাল প্রাচীর ও বৃষ্টির জঙ্গল ধ্বংস করে নির্দিষ্ট ব্যবসায়িক স্বার্থসিদ্ধির জন্য করা হচ্ছে।
এই বৃহৎ প্রকল্পটির অদূরদর্শী প্রভাব নিয়ে সতর্ক করে তিনি জানিয়েছেন, পরিবেশ ধ্বংস করে গড়া এই উন্নয়ন সাধারণ মানুষের উপকারে আসবে না, বরং তা বিরূপ প্রাকৃতিক বিপর্যয় ডেকে আনবে। পরিবেশবিদদের মতে, এ ধরনের প্রকল্প বাস্তবায়ন করা হলে স্পর্শকাতর বাস্তুতন্ত্র ও স্থানীয় আদিবাসী জনগোষ্ঠীর অস্তিত্ব বিপন্ন হওয়ার পাশাপাশি জলবায়ু পরিবর্তনের ঝুঁকি বহুগুণ বেড়ে যাবে। সরকারের উন্নয়ন নীতির স্বচ্ছতা নিয়ে তোলা এই প্রশ্ন ও পরিবেশ সুরক্ষার দাবিকে কেন্দ্র করে বিরোধী শিবিরে প্রতিবাদের সুর আরও জোরালো হয়েছে।