পশ্চিম মেদিনীপুরে দেবের প্রচার, উপচে পড়া ভিড় আর অভাবনীয় উন্মাদনা!
পশ্চিম মেদিনীপুরের দাঁতনে তৃণমূল প্রার্থী চন্দনা মাইতির নির্বাচনী প্রচারে অংশ নিতে এসে নজিরবিহীন উন্মাদনার সাক্ষী হলেন সুপারস্টার দেব। তীব্র দাবদাহ উপেক্ষা করে মোহপুরের গোমুন্ডা থেকে বোড়াই পর্যন্ত আয়োজিত দেবের রোড শো দেখতে রাস্তার দু’ধারে হাজার হাজার মানুষের ঢল নামে। প্রিয় অভিনেতাকে এক ঝলক দেখার জন্য ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষায় থাকা সাধারণ মানুষের ভিড়ে এলাকাটি কার্যত উৎসবের রূপ নেয়।
রোড শো চলাকালীন জনতার ভিড় সামলাতে নিরাপত্তারক্ষীদের রীতিমতো হিমশিম খেতে হয়। দেবের গাড়ি এগোতেই স্লোগান ও করতালিতে মুখর হয়ে ওঠে গোটা এলাকা। ভক্তদের ভালোবাসার জবাবে দেবও হাসিমুখে হাত নেড়ে ও অভিবাদন জানিয়ে জনসংযোগ করেন। এ সময় এক ভক্ত ভিড় ঠেলে দেবের পায়ে লুটিয়ে পড়লে এক আবেগঘন মুহূর্তের সৃষ্টি হয়। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, জনপ্রিয় এই তারকাকে প্রচারের ময়দানে নামিয়ে তৃণমূল সাধারণ ভোটারদের মধ্যে ব্যাপক সাড়া ফেলতে সক্ষম হয়েছে, যা নির্বাচনী সমীকরণে বাড়তি গতি সঞ্চার করেছে।