স্কুলের অন্দরেই ষষ্ঠ শ্রেণির ছাত্রীকে লাগাতার শ্লীলতাহানি, গ্রেপ্তার ভাইস প্রিন্সিপাল!

অন্ডালের উখড়া গ্রামের একটি বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলের ষষ্ঠ শ্রেণির এক ছাত্রীকে লাগাতার শ্লীলতাহানির অভিযোগে স্কুলের ভাইস প্রিন্সিপালকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযুক্ত শিক্ষককে শনিবার গ্রেপ্তারের পর রবিবার দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করা হয়েছে। দীর্ঘদিন ধরে এই অমানবিক ঘটনা চললেও ভুক্তভোগী ছাত্রী ভয়ে তা কাউকে জানাতে পারেনি। সম্প্রতি ছাত্রীর পরিবারের সদস্যরা বিষয়টি জানতে পেরে অন্ডাল থানায় অভিযোগ দায়ের করলে পুলিশ তদন্তে নেমে তাকে গ্রেপ্তার করে।
অভিযোগ অনুযায়ী, স্কুলে ক্লাস চলাকালীন কৌশলে ছাত্রীকে নিজের দপ্তরে নিয়ে গিয়ে ওই শিক্ষক একাধিকবার শ্লীলতাহানি করেছেন। স্কুলের ভেতর এমন ঘটনার প্রেক্ষিতে শিক্ষা প্রতিষ্ঠানের নিরাপত্তা ও প্রশাসনিক নজরদারি নিয়ে স্থানীয় অভিভাবক মহলে গভীর ক্ষোভ ও উদ্বেগ তৈরি হয়েছে। বিদ্যালয়ের অন্দরে হোস্টেল থাকার পরেও ছাত্রীদের নিরাপত্তা নিশ্চিত না হওয়ায় এই ঘটনা নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। স্থানীয় মানুষ এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।