বর্ধমানে লজে মধুচক্রের আসর, গ্রেফতার ম্যানেজারসহ ৭!

বর্ধমান শহরের নবাবহাটা এলাকার একটি লজে অভিযান চালিয়ে মধুচক্র চালানোর অভিযোগে সাতজন যুবককে গ্রেফতার করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে পরিচালিত এই অভিযানে নয়জন নারীকে উদ্ধার করা হয়েছে। ধৃতদের মধ্যে লজের ম্যানেজারও রয়েছেন। পুলিশের প্রাথমিক তদন্ত ও স্থানীয় সূত্রের দাবি, লজের মালিক ও ম্যানেজার মিলে দীর্ঘদিন ধরে সেখানে এই অবৈধ কারবার চালিয়ে আসছিলেন।
অভিযানকালে লজ থেকে প্রচুর পরিমাণে মদ্যপানের সরঞ্জাম, গেলাস, গর্ভনিরোধক সামগ্রী এবং কিছু নগদ অর্থ উদ্ধার করা হয়েছে। তদন্তের প্রয়োজনে লজের রেজিস্টার বুকটিও বাজেয়াপ্ত করেছে পুলিশ। গ্রেফতার হওয়া যুবকদের বাড়ি পূর্ব বর্ধমানের মঙ্গলকোট, দেওয়ানদিঘি ও খণ্ডঘোষের বিভিন্ন এলাকায়। এ ঘটনায় পুলিশ স্বতঃপ্রণোদিত মামলা রুজু করেছে এবং শনিবার ধৃতদের বর্ধমান সিজেএম আদালতে তোলা হয়েছে। তদন্তের স্বার্থে একজনকে সাত দিনের পুলিশি হেফাজতে নেওয়ার আবেদন জানানো হয়েছে।