স্তন ক্যানসার চিকিৎসায় যুগান্তকারী সাফল্য! পুণের বিজ্ঞানীদের ন্যানোমেডিসিনে নতুন আশা
স্তন ক্যানসারের চিকিৎসায় যুগান্তকারী সাফল্য পেলেন মহারাষ্ট্রের পুণেস্থিত ‘আগরকর রিসার্চ ইনস্টিটিউট’ (এআরআই)-এর বিজ্ঞানীরা। প্রচলিত কেমোথেরাপির পার্শ্বপ্রতিক্রিয়া থেকে মুক্তি দিতে তাঁরা উদ্ভাবন করেছেন এক বিশেষ ‘ন্যানোমেডিসিন’। আন্তর্জাতিক জার্নাল ‘অ্যাডভান্সড হেলথকেয়ার মেটেরিয়ালস’-এ প্রকাশিত এই গবেষণায় জানানো হয়েছে, নতুন এই পদ্ধতি সুস্থ কোষের ক্ষতি না করেই অত্যন্ত সুনির্দিষ্টভাবে ক্যানসার কোষ ধ্বংস করতে সক্ষম।
এই ন্যানোমেডিসিন বায়োডিগ্রেডেবল কণার মাধ্যমে সরাসরি স্তন ক্যানসারের টিউমারে প্রবেশ করে। সেখানে ক্যানসার কোষের গভীরে থাকা MUC1 প্রোটিনকে শনাক্ত করে এটি MCL-1 ও Survivin নামক জিন দুটিকে নিষ্ক্রিয় করে দেয়, যার ফলে ক্যানসার কোষগুলো স্বয়ংক্রিয়ভাবে ধ্বংস হয়ে যায়। গবেষণাগারে ইঁদুরের ওপর চালানো পরীক্ষায় দেখা গেছে, শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গের ক্ষতি না করেই এই পদ্ধতি টিউমার নির্মূল করতে কার্যকর। প্রযুক্তিটি বর্তমানে প্রাথমিক স্তরে থাকলেও, ক্লিনিক্যাল ট্রায়ালের মাধ্যমে এর সফল প্রয়োগ স্তন ক্যানসার চিকিৎসায় নতুন আশার সঞ্চার করেছে।