আসামে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বেড়ে ৬৬!
আসামে বন্যার পরিস্থিতি ক্রমশ ভয়াবহ আকার ধারণ করেছে। রাজ্য বিপর্যয় মোকাবিলা কর্তৃপক্ষের (ASDMA) সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে চারজনের মৃত্যুর ফলে বন্যায় মোট প্রাণহানির সংখ্যা বেড়ে ৬৬ জনে দাঁড়িয়েছে। বর্তমানে গোলাঘাট, চড়াইদেও, কামরূপ, হোজাই, ডিব্রুগড়, শিবসাগর, যোরহাট, শোণিতপুর, কামরূপ (মেট্রো) ও নগাঁও—এই ১০টি জেলার প্রায় ৬.৫৪ লক্ষ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। এর মধ্যে শিবসাগর, চড়াইদেও ও যোরহাট জেলার পরিস্থিতি সবচেয়ে শোচনীয়। রাজ্যের ২৮টি রাজস্ব সার্কেলের অন্তত ৮১০টি গ্রাম সম্পূর্ণ জলের নিচে তলিয়ে যাওয়ায় প্রায় ৩৪ হাজার ৫০০ হেক্টর কৃষিজমি ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া দিখৌ ও ধানসিঁড়ি নদী এখনও বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
প্রশাসন ও উদ্ধারকারী দল পরিস্থিতি নিয়ন্ত্রণে নিরবচ্ছিন্ন কাজ চালিয়ে যাচ্ছে। ক্ষতিগ্রস্তদের সহায়তার জন্য রাজ্যে ২৭৪টি ত্রাণ কেন্দ্র খোলা হয়েছে, যেখানে ১৮,৯০২ জন মানুষ আশ্রয় নিয়েছেন। এদিকে ১৪৩টি রাস্তা ও ১০টি বাঁধ ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি চার লক্ষাধিক গবাদি পশু সংকটের মুখে পড়েছে। কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোওয়াল দুর্গত এলাকা পরিদর্শন করে বর্তমান পরিস্থিতিকে ‘অত্যন্ত সংকটজনক’ বলে অভিহিত করেছেন। উদ্ধারকার্যে এনডিআরএফ (NDRF) ও এসডিআরএফ (SDRF)-এর পাশাপাশি স্থানীয় প্রশাসন একযোগে কাজ করে যাচ্ছে এবং কেন্দ্র ও রাজ্য সরকার ক্ষতিগ্রস্তদের সব ধরনের সাহায্য প্রদানের প্রতিশ্রুতি দিয়েছে।