ইতিহাস গড়লেন অনাহত! প্রথম ভারতীয় হিসেবে বিশ্ব চ্যাম্পিয়ন!
কানাডার নায়াগ্রা-অন-দ্য-লেকে অনুষ্ঠিত ওয়ার্ল্ড জুনিয়র স্কোয়াশ চ্যাম্পিয়নশিপের ফাইনালে মিশরের রুকাইয়া সালেমকে সরাসরি ১১-৩, ১১-৭, ১১-৯ গেমে হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন হলেন ভারতের তরুণী আনাহত সিং। এই জয়ের মাধ্যমে ভারতের ক্রীড়া ইতিহাসে প্রথমবার ওয়ার্ল্ড জুনিয়র স্কোয়াশ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করলেন ১৮ বছর বয়সি এই তারকা। একই সঙ্গে ২০১০ সালের পর প্রথম অ-মিশরীয় খেলোয়াড় হিসেবে তিনি এই শিরোপা জিতে প্রতিযোগিতায় মিশরের টানা ১৫ বছরের একচ্ছত্র আধিপত্যের অবসান ঘটালেন।
পুরো টুর্নামেন্ট জুড়ে দুর্দান্ত ফর্মে থাকা শীর্ষ বাছাই আনাহত একটিও গেম না হেরেই এই শিরোপা জয় নিশ্চিত করেছেন। এর আগে ২০০৫ সালে জোশনা চিনাপ্পা রানার-আপ হলেও কোনো ভারতীয় খেলোয়াড় এই শিরোপা জিততে পারেননি, যা এবার ঘুচিয়ে দিলেন দিল্লির উদীয়মান এই অ্যাথলেট। চলতি বছরে বিশ্বের শীর্ষ ২০ র্যাঙ্কিংয়ে জায়গা করে নেওয়া এবং একাধিক পিএসএ শিরোপাজয়ী এই তরুণীর এই সাফল্য ২০২৮ সালের লস অ্যাঞ্জেলেস অলিম্পিক্সে স্কোয়াশে ভারতের পদক জয়ের সম্ভাবনাকে আরও উজ্জ্বল করল।