রাজস্থানে মর্মান্তিক টাওয়ার বিপর্যয়, প্রাণ হারালেন মালদার তিন শ্রমিক!

রাজস্থানের টাওয়ার নির্মাণের কাজ করার সময় মর্মান্তিক দুর্ঘটনায় পুরাতন মালদার তিন পরিযায়ী শ্রমিকের মৃত্যু হয়েছে। মৃতরা হলেন মহিষবাথানী গ্রাম পঞ্চায়েতের বালুয়াটোলার মুরসালিম হক (২৪), নতুনটোলার পাঁচু সেখ (২৮) এবং সাহাপুর গ্রাম পঞ্চায়েতের সাকোরমা গ্রামের রুহুল সেখ (২০)। গত বুধবার রাজস্থানে কর্মরত অবস্থায় টাওয়ারের একাংশ ভেঙে পড়লে ঘটনাস্থলেই তাঁদের মৃত্যু হয়। শনিবার সকালে কফিনবন্দী অবস্থায় তাঁদের মরদেহ গ্রামের বাড়িতে পৌঁছায়।

প্রায় দেড় মাস আগে কাজের সন্ধানে রাজস্থানে পাড়ি দিয়েছিলেন ওই তিন যুবক। শনিবার সকালে মৃতদেহ গ্রামে পৌঁছানোর পর পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে আসে। স্থানীয়দের অভিযোগ, এলাকায় কাজের সুযোগ না থাকায় যুবকদের ভিনরাজ্যে যেতে হয় এবং সেখানে অকালে প্রাণ হারাতে হচ্ছে। তিন যুবকের অকাল মৃত্যুতে শোকাহত পরিবারগুলো বর্তমানে অসহায় অবস্থায় দিন কাটাচ্ছে। স্থানীয় বাসিন্দারা এই পরিবারগুলির পাশে দাঁড়াতে সরকারি সাহায্যের আবেদন জানিয়েছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *