কাশ্মীর থেকে লাদাখ, ভারতের দীর্ঘতম টানেলে নতুন দিগন্ত!

কাশ্মীর ও লাদাখের মধ্যে বছরভর নিরবচ্ছিন্ন যোগাযোগ নিশ্চিত করতে নির্মীয়মাণ জোজিলা টানেল প্রকল্পে বড় সাফল্য অর্জিত হয়েছে। মঙ্গলবার টানেলের ভিতরের শেষ আড়াই মিটার পাথরের অংশ অপসারণের মাধ্যমে এর দুই প্রান্ত প্রথমবারের মতো একে অপরের সঙ্গে যুক্ত হলো। কেন্দ্রীয় সড়ক পরিবহণ ও মহাসড়ক মন্ত্রী নিতিন গড়করি এই গুরুত্বপূর্ণ মুহূর্তের সূচনা করেন, যেখানে উপস্থিত ছিলেন জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ এবং মনোজ সিনহা।
১৩.১৫৩ কিলোমিটার দীর্ঘ এই টানেলটি ১১,৫৩৮ ফুট উচ্চতায় বালতাল ও মিনামার্গকে যুক্ত করবে। প্রায় ৬,৮০৮.৬৯ কোটি টাকা ব্যয়ে তৈরি এই প্রকল্পটি বিশ্বের দীর্ঘতম দ্বিমুখী একক-টিউব সড়ক টানেল হিসেবে স্বীকৃতি পেতে চলেছে। বর্তমানে প্রকল্পের ৬৮.৫৫ শতাংশ কাজ শেষ হয়েছে এবং ২০২৮ সালের ফেব্রুয়ারির মধ্যে এটি সাধারণের জন্য খুলে দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এই টানেল চালু হলে শীতকালে তুষারপাতের কারণে বিচ্ছিন্ন থাকা দুই অঞ্চলের যোগাযোগ ব্যবস্থা সচল হবে, যা এই অঞ্চলের অর্থনীতি, নিরাপত্তা এবং পর্যটন শিল্পে বৈপ্লবিক গতি আনবে।