তীব্র রোদের পর এসির ঠান্ডা? ডেকে আনছেন মারাত্মক বিপদ!
তীব্র গরম থেকে রক্ষা পেতে দীর্ঘক্ষণ এসির ঠান্ডা বাতাসে থাকা বা সরাসরি এসির নিচে বসার অভ্যাস শরীরের জন্য মারাত্মক বিপদ ডেকে আনছে। চিকিৎসকদের মতে, শরীরের তাপমাত্রার এই আকস্মিক পরিবর্তনকে ‘থার্মাল শক’ বলা হয়। ২০-২২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থেকে হঠাৎ ৪০-৪৫ ডিগ্রির প্রচণ্ড গরমে কিংবা তার বিপরীত পরিস্থিতিতে যাওয়ার ফলে শরীর তাৎক্ষণিকভাবে মানিয়ে নিতে পারে না, যা স্বাস্থ্যের ওপর নেতিবাচক প্রভাব ফেলে।
তাপমাত্রার এই দ্রুত পরিবর্তনের ফলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল হয়ে সর্দি-কাশি, গলা ব্যথা ও নানা ধরনের ভাইরাল সংক্রমণের ঝুঁকি বাড়ে। এছাড়া রক্তনালির সংকোচন-প্রসারণজনিত কারণে মাইগ্রেন, মাথা ঘোরা বা তীব্র মাথাব্যথার মতো সমস্যা দেখা দিতে পারে। ত্বক ও রক্তচাপের ওপরও এর বিরূপ প্রভাব পড়ে, যা চরম ক্ষেত্রে হিট স্ট্রোকের মতো ঝুঁকিপূর্ণ পরিস্থিতি তৈরি করতে পারে।
এই শারীরিক ঝুঁকি এড়াতে বিশেষজ্ঞরা কিছু সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণের পরামর্শ দিয়েছেন। বাইরে বের হওয়ার ৫-১০ মিনিট আগে এসি বন্ধ করে দেওয়া, এসির রুম থেকে বের হয়ে সরাসরি রোদে না গিয়ে কিছুক্ষণ স্বাভাবিক তাপমাত্রার কোনো স্থানে অপেক্ষা করা এবং এসির তাপমাত্রা ২৪ থেকে ২৬ ডিগ্রি সেলসিয়াসে রাখা জরুরি। এছাড়া বাইরে থেকে ফিরে সঙ্গে সঙ্গে ঠান্ডা জল পান না করে শরীর স্বাভাবিক হওয়া পর্যন্ত অপেক্ষা করা এবং বাইরে বের হওয়ার সময় রোদ থেকে বাঁচতে টুপি বা স্কার্ফ ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে।