চাকরি বিক্রির বড় ফাঁদ! বাঁকুড়ায় গ্রেফতার তিন প্রভাবশালী তৃণমূল নেতা

বাঁকুড়ায় চাকরি দেওয়ার নামে লক্ষ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগে তৃণমূলের তিন শীর্ষস্থানীয় নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতরা হলেন—খাতড়া ব্লক যুব তৃণমূল সভাপতি সুমন বন্দ্যোপাধ্যায়, তৃণমূলের প্রাক্তন খাতড়া ব্লক সভাপতি তথা বাঁকুড়া জেলা সম্পাদক সুদীপ্ত বন্দ্যোপাধ্যায় এবং হিড়বাঁধ ব্লকের তৃণমূল নেতা বিদ্যুৎ রায়। সোমবার রাতে গ্রেফতারের পর মঙ্গলবার তাঁদের খাতড়া মহাকুমা আদালতে তোলা হয়।
খাতড়ার বৈদ্যনাথপুর এলাকার এক বাসিন্দার অভিযোগ, তাঁর স্ত্রীকে চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে অভিযুক্তরা অনলাইন ও নগদ মিলিয়ে মোট ৩ লক্ষ টাকা নিয়েছিলেন। চাকরি না হওয়ার পর টাকা ফেরত চাইলে ১ লক্ষ টাকা নগদে দেওয়া হলেও বাকি ২ লক্ষ টাকা আটকে রাখা হয়। অভিযোগকারীকে টাকা ফেরত চাওয়ার পরিবর্তে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে বলেও জানানো হয়েছে। যদিও আদালতে নিয়ে যাওয়ার সময় সুমন বন্দ্যোপাধ্যায় সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন। বর্তমানে রাজ্যের বিভিন্ন প্রান্তে নিয়োগ সংক্রান্ত আর্থিক দুর্নীতির অভিযোগ বারবার প্রকাশ্যে আসায় জনমনে ক্ষোভের সৃষ্টি হয়েছে।