দাউদাউ করে জ্বলছে সরকারি দফতর, ছাদে আটকে কর্মীরা!

বুধবার সকালে আলিপুরে দক্ষিণ ২৪ পরগনা জেলা পরিষদের বহুতল দফতরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সকাল পৌনে ১০টা নাগাদ ভবন থেকে ধোঁয়া বের হতে দেখে স্থানীয়রা দমকল বাহিনীকে খবর দেন। আগুন নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছায় দমকলের ১০টি ইঞ্জিন। জনবহুল এলাকায় এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

প্রাথমিক তদন্তে দমকলের ধারণা, চতুর্থ তলার একটি শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রে (এসি) শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে এবং তা দ্রুত পঞ্চম ও ষষ্ঠ তলায় ছড়িয়ে পড়ে। ভবনের ছাদে আটকে পড়া কয়েকজন রংমিস্ত্রিকে দড়ি বেয়ে নিচে নামিয়ে আনা হয়। সরু রাস্তা ও আশপাশে গাছ থাকায় মই ব্যবহার করতে দমকলকর্মীদের বেগ পেতে হয়। জানালা ভেঙে জল দেওয়া এবং বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে অক্সিজেন সিলিন্ডার ও ব্রিদিং মেশিন নিয়ে উদ্ধারকারীরা ভেতরে প্রবেশ করেন। অফিস শুরুর আগেই ঘটনাটি ঘটায় প্রাণহানির বড় ঝুঁকি এড়ানো সম্ভব হলেও, জেলা পরিষদের বহু গুরুত্বপূর্ণ নথি ও আসবাবপত্র ভস্মীভূত হওয়ার আশঙ্কা রয়েছে। শেষ পাওয়া খবর অনুযায়ী, আগুন নিয়ন্ত্রণে আনতে জোর তৎপরতা চালাচ্ছেন দমকলকর্মীরা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *