ঘরেই কবরে দুই মেয়ে! বাবার পৈশাচিকতায় স্তব্ধ দেশ

উত্তরপ্রদেশের কুশিনগর জেলার পিপরাঘাট গ্রামে প্রেমের সম্পর্কে জড়িত থাকার অভিযোগে দুই আপন বোনকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে তাদের বাবার বিরুদ্ধে। সোমবার সন্ধ্যায় স্থানীয় বাসিন্দা রামপ্রসাদ মল্লার তার দুই মেয়ে লালি (২০) ও শিলাকে (১৮) একটি ঘরে আটকে রেখে লাঠি ও রড দিয়ে পিটিয়ে হত্যা করে। এই ঘটনায় বাবাকে সাহায্য করার দায়ে দুই নাবালক ছেলেকে পুলিশ আটক করেছে।
পুলিশ সূত্রে জানা গেছে, নিহত দুই বোন আগে একবার প্রেমিকের হাত ধরে বাড়ি থেকে পালিয়ে গেলেও গ্রাম্য পঞ্চায়েতের হস্তক্ষেপে তাদের ফিরিয়ে আনা হয়। মেয়েরা তাদের সম্পর্কের বিষয়ে অটল থাকায় ক্ষুব্ধ হয়ে বাবা এই হত্যাকাণ্ড ঘটান। ঘটনার পর রামপ্রসাদ এলাকা থেকে পালিয়ে গেলেও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। অতিরিক্ত পুলিশ সুপার সিদ্ধার্থ ভার্মা জানিয়েছেন, এটি অনার কিলিংয়ের ঘটনা এবং পলাতক অভিযুক্তকে ধরতে জোর তল্লাশি চালাচ্ছে পুলিশ।