মাথায় বন্দুক ঠেকিয়ে পুত্রবধূকে লাগাতার ধর্ষণ, তিন তালাক দিয়ে বিপাকে স্বামী!
উত্তরপ্রদেশের বাহরাইচ জেলায় এক তরুণীকে দীর্ঘ সময় ধরে শ্বশুর কর্তৃক ধর্ষণের চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে। কর্মসূত্রে স্বামী বাড়ির বাইরে থাকার সুযোগ নিয়ে শ্বশুর নিয়মিত তরুণীকে শারীরিক ও মানসিক নির্যাতন করতেন বলে অভিযোগ। তরুণীর দাবি, দেশি পিস্তল মাথায় ঠেকিয়ে প্রাণনাশের হুমকি দিয়ে তাঁর ওপর এই পাশবিক নির্যাতন চালানো হতো। চলতি বছরের জানুয়ারি মাসে শেষবারের মতো এই ঘটনা ঘটে।
নির্যাতিতা এই ঘটনার পর বাপের বাড়িতে ফিরে গেলে তাঁর স্বামী ফোনে তাঁকে ‘তিন তালাক’ দেন, যা আইনত নিষিদ্ধ। পাশাপাশি, মুখ খোলার অপরাধে শাশুড়ি, ননদ ও দেওর তাঁকে মারধর করেছেন বলেও অভিযোগ উঠেছে। অপরদিকে, তরুণীর স্বামীর দাবি, ওই নারী অন্য সম্পর্কে জড়িত ছিলেন। এই ঘটনার প্রেক্ষিতে নির্যাতিতার লিখিত অভিযোগের ভিত্তিতে ভারতীয় ন্যায় সংহিতা (BNS) এবং মুসলিম মহিলা বিবাহ অধিকার সুরক্ষা আইনে স্বামী, শ্বশুর, শাশুড়ি, দেওর ও ননদসহ পুরো পরিবারের বিরুদ্ধে এফআইআর দায়ের করে তদন্ত শুরু করেছে পুলিশ।