রাস্তায় থুতু ফেলায় বাধা, বৃদ্ধকে পৈশাচিক মারধরে তোলপাড় এলাকা!

মহারাষ্ট্রের থানে শহরে রাস্তায় থুতু ফেলতে বারণ করায় এক প্রবীণ নাগরিকের ওপর বর্বরোচিত হামলার ঘটনা ঘটেছে। গত মঙ্গলবার থানের একটি হাসপাতালের কাছে ওই বৃদ্ধ ও তাঁর স্ত্রী প্রতিবাদ করলে এক ট্যাক্সি চালক তাঁদের ওপর চড়াও হন। অভিযুক্ত চালক বৃদ্ধকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে মারধর করেন এবং পাথর ছোড়েন। ঘটনার গুরুত্ব বিবেচনা করে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিণ্ডে অভিযুক্তের বিরুদ্ধে খুনের চেষ্টার ধারায় মামলা দায়ের করার নির্দেশ দিয়েছেন। ইতিমধ্যে পুলিশ অভিযুক্ত চালককে আটক করেছে।

এই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে রাজ্যজুড়ে তীব্র ক্ষোভ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বিষয়টিকে কেন্দ্র করে থানে এলাকায় রাজনৈতিক উত্তজনা তৈরি হয়েছে। আক্রান্ত বৃদ্ধ মারাঠি এবং অভিযুক্ত চালক ভিনরাজ্যের হওয়ার কারণে মহারাষ্ট্র নবনির্মাণ সেনা (এমএনএস) ও শিবসেনা কর্মীরা পথে নেমে বিভিন্ন এলাকায় ট্যাক্সি চালকদের জিজ্ঞাসাবাদ ও নিগ্রহ শুরু করেছেন। এই ঘটনায় থানে এলাকায় বর্তমানে থমথমে পরিস্থিতি বিরাজ করছে এবং বড় ধরনের আইন-শৃঙ্খলা সংকটের আশঙ্কা দেখা দিয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *