যোগীরাজ্যে মোহন ভাগবতের ট্রেনে ভয়াবহ পাথর হামলা, রক্ষা পেলেন সঙ্ঘপ্রধান!
রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ (আরএসএস) প্রধান মোহন ভাগবতকে বহনকারী চলন্ত ট্রেনে পাথর ছুড়ে হামলার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার রাতে উত্তরপ্রদেশের ফিরোজাবাদ জেলার টুন্ডলা স্টেশনের কাছে দিল্লিগামী ‘স্বর্ণ শতাব্দী এক্সপ্রেস’ লক্ষ্য করে অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীরা এই হামলা চালায়। এতে ট্রেনের একটি জানলার কাচ ভেঙে চুরমার হয়ে গেলেও মোহন ভাগবত অক্ষত রয়েছেন।
জিআরপি সূত্রে জানা গেছে, কানপুর থেকে দিল্লি যাওয়ার পথে সন্ধ্যা ৭টা ২০ মিনিট নাগাদ মাকখানপুর স্টেশন পার করার সময় ই-১ কোচে এই ঘটনা ঘটে। ঘটনার পরপরই ট্রেনটি থামিয়ে তল্লাশি চালানো হয়। এই ঘটনায় কেউ আহত হননি এবং পুলিশ ইতিমধ্যে সন্দেহভাজন একজনকে গ্রেফতার করেছে। বাকি অপরাধীদের শনাক্ত করতে তল্লাশি অভিযান চালাচ্ছে আগ্রা জোনের পুলিশ। উল্লেখ্য, এর আগে চলতি বছরের ফেব্রুয়ারি মাসে লখনউ-দিল্লি বন্দে ভারত এক্সপ্রেসেও মোহন ভাগবতের ওপর একই ধরনের হামলার ঘটনা ঘটেছিল।