হাইকোর্টের নির্দেশে তুলকালাম! বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হলো অবৈধ মিষ্টির দোকান

চন্দ্রকোণায় সরকারি ও ব্যক্তিগত জমি দখলমুক্ত করল প্রশাসন, হাইকোর্টের নির্দেশে ভাঙা হলো অবৈধ দোকান

কলকাতা হাইকোর্টের কঠোর নির্দেশ মেনে শুক্রবার চন্দ্রকোণা পুরসভার ৮ নম্বর ওয়ার্ডের জয়ন্তীপুর এলাকায় একটি অবৈধ মিষ্টির দোকান গুঁড়িয়ে দিয়েছে প্রশাসন। ঘাটাল-চন্দ্রকোণা রাজ্য সড়কের ধারে অবস্থিত এই দোকানটি পূর্ত দপ্তরের সরকারি জমি এবং কৃষ্ণেন্দু বিকাশ দত্ত নামের স্থানীয় এক বাসিন্দার নিজস্ব জমি দখল করে নির্মাণ করা হয়েছিল। উচ্ছেদ অভিযান পরিচালনার সময় সেখানে উপস্থিত ছিলেন পূর্ত দপ্তরের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, বিডিও, ভূমি দপ্তরের আধিকারিক এবং চন্দ্রকোণা থানার বিশাল পুলিশ বাহিনী।

জমির মালিক ও পেশায় আইনজীবী কৃষ্ণেন্দু বিকাশ দত্ত গত বছর ১ আগস্ট হাইকোর্টে মামলা দায়ের করেছিলেন। আদালতের পূর্ববর্তী নির্দেশ অনুযায়ী প্রশাসনিক পদক্ষেপ না নেওয়ায় তিনি আদালত অবমাননার অভিযোগ তোলেন। সেই মামলার পরিপ্রেক্ষিতে গত ২৭ মে হাইকোর্ট আগামী ৮ জুনের মধ্যে অবৈধ নির্মাণটি উচ্ছেদের নির্দেশ দেয়। আদালতের সেই সময়সীমা মেনেই শুক্রবার প্রশাসন বুলডোজার নামিয়ে ওই অবৈধ স্থাপনাটি সম্পূর্ণরূপে ভেঙে ফেলে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *