অবশেষে বঙ্গে বর্ষার দাপুটে প্রবেশ, আজ থেকেই ভারী বৃষ্টির সতর্কতা!

তীব্র গরমের দাপট কাটিয়ে অবশেষে স্বস্তির আবহাওয়ায় বর্ষা প্রবেশ করল পশ্চিমবঙ্গে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, উত্তরবঙ্গের পাশাপাশি কলকাতা-সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু সক্রিয় হয়েছে। কেবল পুরুলিয়ার ঝাড়খণ্ড সীমান্ত সংলগ্ন কিছু এলাকা ছাড়া রাজ্যজুড়ে বর্ষা পা রেখেছে। স্বাভাবিক সময়ের চেয়ে মাত্র দু’দিন দেরিতে বর্ষার আগমন ঘটায় একে আবহবিজ্ঞানের ভাষায় স্বাভাবিক বলেই মনে করছেন আবহাওয়াবিদরা। রাজ্যজুড়ে এই বৃষ্টিপাতের ফলে তাপমাত্রা অনেকটাই কমেছে; কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ৩৪ ডিগ্রি সেলসিয়াসে নেমে আসায় শহরবাসীর স্বস্তি ফিরেছে।

আবহাওয়া অফিস সূত্রে খবর, আগামী কয়েক দিন রাজ্যের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, যার সঙ্গে বজ্রবিদ্যুৎ ও দমকা হওয়া থাকবে। উত্তরের জেলাগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস থাকায় জারি করা হয়েছে ‘কমলা সতর্কতা’, বিশেষ করে পাহাড়ি এলাকায় ধস ও হড়পা বানের আশঙ্কা করা হয়েছে। এদিকে, গত ২৪ ঘণ্টায় হুগলির তারকেশ্বরে রেকর্ড ৮৫.৬ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। এছাড়া মালদহ, পূর্ব মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া ও বর্ধমান অঞ্চলেও উল্লেখযোগ্য বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *