জুম-মিটের দিন শেষ! হোয়াটসঅ্যাপ ওয়েবে এবার এক কলে ৩২ জন!
জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ তার ওয়েব সংস্করণে নতুন আপডেট নিয়ে আসার ফলে ব্যবহারকারীরা এখন থেকে ব্রাউজারের মাধ্যমেই গ্রুপ অডিও ও ভিডিও কল করতে পারবেন। আগে গ্রুপ কলের জন্য মোবাইল ফোন বা আলাদা ডেস্কটপ অ্যাপের প্রয়োজন হলেও, নতুন এই ফিচারের মাধ্যমে গুগল ক্রোম বা মাইক্রোসফট এজের মতো ব্রাউজার থেকেই ৩২ জন পর্যন্ত ব্যবহারকারী একসঙ্গে কলে যুক্ত হতে পারবেন। বর্তমানে এই সুবিধাটি বিটা সংস্করণে পরীক্ষামূলকভাবে চালু করা হয়েছে এবং খুব শীঘ্রই তা সব ব্যবহারকারীর জন্য উন্মুক্ত করা হবে।
অফিস মিটিংয়ের কথা মাথায় রেখে আনা এই ফিচারে হোয়াটসঅ্যাপ ওয়েব ব্যবহারের সময় চ্যাট স্ক্রিনে নতুন গ্রুপ কল বাটন যুক্ত করা হয়েছে। এর ফলে জুম বা গুগল মিটের মতো প্ল্যাটফর্মে বারবার মিটিং লিঙ্ক তৈরির ঝামেলা থেকে মুক্তি পাওয়ার পাশাপাশি কোনো নির্দিষ্ট সময়সীমা ছাড়াই মিটিং করার সুবিধা মিলবে। এছাড়া, মোবাইল ফোনের মতোই হোয়াটসঅ্যাপ ওয়েবের এই গ্রুপ কলগুলো এন্ড-টু-এন্ড এনক্রিপ্টেড হওয়ায় ব্যবহারকারীর গোপনীয়তা সম্পূর্ণ সুরক্ষিত থাকবে। পরবর্তীতে এই প্ল্যাটফর্মে কল লিঙ্ক তৈরি এবং স্ক্রিন শেয়ারিংয়ের মতো আরও দুটি নতুন ফিচার যুক্ত করার পরিকল্পনা রয়েছে কর্তৃপক্ষের।