মুম্বইয়ে ১১ কোটির মাদকসহ গ্রেফতার কেরলের মডেল!
June 13, 2026
থাইল্যান্ড থেকে মুম্বইয়ে ফেরার পথে ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দরে বিপুল পরিমাণ মাদকসহ গ্রেফতার হলেন কেরলের এক মডেল। ধৃতের নাম হর্ষা সানি। মুম্বই শুল্ক দফতরের আধিকারিকরা গোপন সংবাদের ভিত্তিতে তল্লাশি চালিয়ে তাঁর কাছ থেকে ১১.৮২৪ কেজি উচ্চমানের গাঁজা উদ্ধার করেছেন। আন্তর্জাতিক বাজারে এই মাদকের আনুমানিক বাজারমূল্য ১১ কোটি ৮২ লক্ষ টাকা বলে জানা গেছে।
মাদক পাচারের অভিযোগে অভিযুক্ত হর্ষা সানিকে বর্তমানে জিজ্ঞাসাবাদ করছেন শুল্ক দফতরের তদন্তকারীরা। তিনি কেন এত বিপুল পরিমাণ মাদক নিয়ে থাইল্যান্ড থেকে এসেছিলেন এবং মুম্বইয়ের কোনো বড় মাদক চক্রের সঙ্গে তাঁর কোনো যোগাযোগ রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। এই মাদক পাচার চক্রের সঙ্গে আর কারা জড়িত এবং এর শিকড় কতদূর বিস্তৃত, সে বিষয়ে তদন্ত চালাচ্ছে মুম্বই শুল্ক দফতর।