আদালতেই ডিভোর্সের কাগজ ছিঁড়ে স্বামীকে জড়িয়ে ধরলেন স্ত্রী, ভিডিও দেখে আবেগাপ্লুত নেটপাড়া!
দিল্লিতে ডিভোর্সের মামলার শুনানির দিন এক আবেগঘন ঘটনার সাক্ষী থাকল আদালত চত্বর। ২০২০ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হওয়া শিখা সিং ও সৌরভের সম্পর্কের অবনতি ঘটলে বিষয়টি আদালত পর্যন্ত গড়ায়, এমনকি সৌরভের বিরুদ্ধে যৌতুক নির্যাতনের মামলাও রুজু হয়। তবে সম্প্রতি শিখার বাবার হার্ট অ্যাটাক হলে পরিস্থিতি বদলে যায়। শ্বশুরমশাইয়ের অসুস্থতার খবর পেয়ে অতীতের সমস্ত তিক্ততা ও আইনি বিরোধ ভুলে সৌরভ তাঁকে গুরুগ্রামের একটি বেসরকারি হাসপাতালে নিজের খরচে চিকিৎসার ব্যবস্থা করান। তাঁর এই সময়োচিত পদক্ষেপেই বর্তমানে শিখার বাবা সুস্থ হয়ে ফিরেছেন।
এই ঘটনার পর ডিভোর্স মামলার শুনানির দিন আদালতে দেখা হলে অতীতের শত্রুতা ছাপিয়ে সম্পর্কের মানবিক দিকটি বড় হয়ে ওঠে। স্বামীর এই মহৎ কাজে আবেগপ্রবণ হয়ে শিখা আদালতের আইনজীবীদের সামনেই ডিভোর্সের কাগজ ছিঁড়ে ফেলেন এবং সৌরভকে জড়িয়ে ধরেন। আদালত চত্বরের এই দৃশ্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হলে নেটিজেনরা দম্পতির এই মানবিক সিদ্ধান্তের ভূয়সী প্রশংসা করেছেন।