বঙ্গে মোদীর আগমন! ২০ জুন পালিত হবে ‘পশ্চিমবঙ্গ দিবস’
কলকাতায় ঐতিহাসিক ‘পশ্চিমবঙ্গ দিবস’ উদযাপন: উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী
দেশভাগের ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে আগামী ২০ জুন রাজ্যে প্রথমবারের মতো সরকারিভাবে ‘পশ্চিমবঙ্গ দিবস’ পালন করা হবে। এই উপলক্ষে আয়োজিত মূল অনুষ্ঠানে যোগ দিতে রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ২০ জুনের কর্মসূচিতে অংশগ্রহণের পরদিন, ২১ জুন আন্তর্জাতিক যোগ দিবসের অনুষ্ঠানেও তিনি বাংলা থেকেই অংশ নেবেন। অনুষ্ঠানটি সফল করতে প্রতিটি জেলায় জেলাশাসককে চেয়ারম্যান করে উচ্চপর্যায়ের কমিটি গঠন করা হয়েছে। এই কমিটিতে পুলিশ সুপার, জেলা স্কুল পরিদর্শক এবং সংশ্লিষ্ট এলাকার সাংসদ ও বিধায়করা অন্তর্ভুক্ত থাকবেন।
রাজ্যের সমস্ত সরকারি দফতর এবং শিক্ষা প্রতিষ্ঠানে এই দিনটি বাধ্যতামূলকভাবে পালনের নির্দেশ দিয়েছে রাজ্য সরকার। ১৯৪৭ সালে তারকেশ্বর সম্মেলন থেকেই ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় বাংলা ভাগের প্রস্তাব গ্রহণ করেছিলেন, সেই ঐতিহাসিক প্রেক্ষাপটকে স্মরণ করেই তারকেশ্বরে মূল অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে। কর্মসূচির অংশ হিসেবে স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলিতে সাংস্কৃতিক অনুষ্ঠান, প্রদর্শনী এবং আলোচনাসভার আয়োজন করা হবে। এছাড়াও শিক্ষার্থীদের বাংলার ঐতিহ্য ও দেশভাগের বাস্তব ইতিহাস সম্পর্কে সচেতন করতে তাদের বিভিন্ন ঐতিহাসিক স্থান, মিউজিয়াম বা লাইব্রেরিতে নিয়ে যাওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে। বিগত সরকারের আমলের ‘বাংলা দিবস’ সংক্রান্ত সিদ্ধান্তের পরিবর্তে, বর্তমান বিজেপি সরকার ২০ জুনকেই সরকারিভাবে ‘পশ্চিমবঙ্গ দিবস’ হিসেবে স্বীকৃতি দিল।