হাসপাতালের ভেতরেই মদের আসর! সরকারি স্বাস্থ্যকেন্দ্রের এই হাল দেখে আঁতকে উঠবেন আপনিও।

নদিয়ার শান্তিপুর ব্লকের আড়বান্দি-১ গ্রামের পরিত্যক্ত চাঁদড়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে বর্তমানে মদের আসর ও নেশার সামগ্রীসহ গোয়ালঘর তৈরির অভিযোগ উঠেছে। প্রায় ২০ বিঘা জমির ওপর অবস্থিত ৩০ শয্যাবিশিষ্ট এই স্বাস্থ্যকেন্দ্রটির সীমানা প্রাচীর না থাকায় দীর্ঘ দিন ধরে পরিত্যক্ত ঘরগুলি নেশাগ্রস্তদের আড্ডায় পরিণত হয়েছে। বৃহস্পতিবার বিজেপির একটি স্বচ্ছতা অভিযান চালানোর সময় হাসপাতাল চত্বর থেকে বিপুল পরিমাণ মদের বোতল ও গাঁজার সরঞ্জাম উদ্ধার হয়। একসময় স্থানীয়দের চিকিৎসার অন্যতম ভরসা ছিল এই কেন্দ্রটি, কিন্তু বর্তমানে এটি অসামাজিক কার্যকলাপের আখড়ায় পরিণত হওয়ায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

স্বাস্থ্যকেন্দ্র চত্বরেই একটি উপস্বাস্থ্যকেন্দ্র রয়েছে, যেখানে গর্ভবতী মায়েদের টিকা ও স্বাস্থ্য পরীক্ষার কাজ চলে। এখানে কর্মরত অধিকাংশ কর্মীই নারী হওয়ায় তাঁদের পাশাপাশি আগত প্রসূতিদের নিরাপত্তা নিয়েও প্রশ্ন উঠেছে। হাসপাতালের মেডিক্যাল অফিসার অমিতকুমার মজুমদার জানিয়েছেন, সকাল থেকে দুপুর ৩টে পর্যন্ত বহির্বিভাগের পরিষেবা চালু থাকলেও চত্বরের অসামাজিক কার্যকলাপ বন্ধ করা জরুরি। শান্তিপুরের ব্লক মেডিক্যাল অফিসার পূজা মৈত্র জানিয়েছেন, স্বাস্থ্যকেন্দ্রটির সার্বিক পরিস্থিতির বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে আগেই অবহিত করা হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *