দিল্লিতে বড় চমক, তৃণমূলের বিক্ষুব্ধদের চাঞ্চল্যকর পদক্ষেপে নতুন সমীকরণ!

লোকসভার নতুন অধিবেশন শুরুর আগেই পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল কংগ্রেসে বড় ধরনের ভাঙনের ইঙ্গিত মিলেছে। দলের প্রবীণ সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ২০ জনের স্থলে ২২ জন সাংসদকে নিয়ে গঠিত একটি বিক্ষুব্ধ অংশ এখন দিল্লিতে অবস্থান করছে। এই অংশটি নিজেদের আলাদা ব্লক হিসেবে স্বীকৃতি দেওয়ার দাবিতে সোমবার লোকসভার স্পিকারের সঙ্গে দেখা করতে পারে। এছাড়া নিজেদের ‘আসল তৃণমূল’ দাবি করে দলের লোকসভার নেতা হিসেবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পরিবর্তে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের নাম প্রস্তাব এবং মুখ্য সচেতক হিসেবে কাকলি ঘোষ দস্তিদারের পুরনো পদ পুনর্বহালে স্পিকারের দ্বারস্থ হওয়ার পরিকল্পনা রয়েছে তাদের।

দলের শীর্ষ নেতৃত্বের সিদ্ধান্তের ওপর দীর্ঘদিনের অসন্তোষ ও অভ্যন্তরীণ কোন্দলই এই বিদ্রোহের নেপথ্যের কারণ বলে জানা গেছে। কাকলি ঘোষ দস্তিদার ছাড়াও এই বিক্ষুব্ধ শিবিরে দেব, সায়নী ঘোষ, রচনা বন্দ্যোপাধ্যায়, শতাব্দী রায় ও মালা রায়ের মতো হেভিওয়েট ও তারকা সাংসদরা রয়েছেন। সোমবারের চূড়ান্ত পদক্ষেপের আগে রবিবার রাতে দিল্লিতে বিক্ষুব্ধ সাংসদরা ঘরোয়া বৈঠক ও নৈশভোজে মিলিত হন। এই ভাঙন নিশ্চিত হলে জাতীয় রাজনীতিতে তৃণমূল কংগ্রেসের শক্তি যেমন হ্রাস পাবে, তেমনি সংসদের ভেতরে ও বাইরে দলটি বড় ধরনের রাজনৈতিক ও সাংগঠনিক সংকটের মুখে পড়তে পারে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *