নেসলির নুডলসে কিলবিল করছে পোকা, আতঙ্ক ছড়াচ্ছে নেটপাড়ায়!
জনপ্রিয় খাদ্যপণ্য ম্যাগি নুডলসের প্যাকেটে পোকা পাওয়ার অভিযোগ ও মান নিয়ন্ত্রণ নিয়ে বিতর্ক সৃষ্টির জেরে তোলপাড় শুরু হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এই অভিযোগের ভিত্তিতে ভারতের খাদ্য সুরক্ষা ও মান নিয়ন্ত্রণ সংস্থা (FSSAI) নেসলে ইন্ডিয়াকে আইনি নোটিস পাঠিয়েছে। এই বিতর্কের প্রভাবে নেসলের শেয়ারের দর একদিনেই প্রায় ৩ শতাংশ হ্রাস পাওয়ায় স্টক এক্সচেঞ্জ থেকেও সংস্থাটিকে নোটিস দেওয়া হয়েছে।
নেসেলে ইন্ডিয়া সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বিবৃতি দিয়ে সমস্ত অভিযোগকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে। তাদের দাবি, অভিযোগকারী বা নির্দিষ্ট কোনো প্যাকেট খুঁজে না পাওয়ায় বিষয়টি যাচাই করা সম্ভব হয়নি। সংস্থাটি নিশ্চিত করেছে যে, তাদের নিজস্ব পরীক্ষাগারে সংগৃহীত উন্নত মানের পরীক্ষার রিপোর্ট FSSAI-এর কাছে জমা দেওয়া হয়েছে এবং খাবারের গুণমানের সাথে তারা কোনো আপস করেনি। উল্লেখ্য, ২০১৫ সালেও ম্যাগি নুডলসে অতিরিক্ত সীসার উপস্থিতির অভিযোগ নিয়ে দেশজুড়ে বড় ধরনের বিতর্ক তৈরি হয়েছিল।