কলকাতা ছাড়ছে এসবিআইয়ের বড় তিন বিভাগ! চরম সঙ্কটে বাঙালির কর্মসংস্থান

কলকাতার গুরুত্বপূর্ণ তিনটি প্রশাসনিক বিভাগ ভিন রাজ্যে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (এসবিআই)। ব্যাঙ্কের চেক ক্লিয়ারিং, অ্যাকাউন্ট ওপেনিং এবং পেনশন সংক্রান্ত গুরুত্বপূর্ণ বিভাগগুলি দিল্লির ‘নর্দার্ন গ্রিড’-এর সঙ্গে একীভূত করা হচ্ছে। ব্যাঙ্ক কর্মী সংগঠনগুলোর আশঙ্কা, এই সিদ্ধান্তের ফলে রাজ্যে কর্মসংস্থানের সুযোগ হ্রাসের পাশাপাশি পূর্ব ভারতের আর্থিক কেন্দ্র হিসেবে কলকাতার গুরুত্ব ক্ষুণ্ণ হবে। বর্তমানে এসবিআই-এর কলকাতা সিসিপিসি পশ্চিমবঙ্গ, সিকিম ও আন্দামান-নিকোবরের প্রতিদিনের বিপুল পরিমাণ চেক প্রসেসিংয়ের দায়িত্ব সামলায়।

এই স্থানান্তরের ফলে প্রায় ৩৫০ জন স্থায়ী কর্মীকে ভিন রাজ্যে বদলি হতে হবে, যার মধ্যে বহু নারী ও প্রতিবন্ধী কর্মী রয়েছেন। এর আগেও কলকাতার বিদেশি মুদ্রা বিভাগের কার্যক্রম মুম্বইয়ে সরিয়ে নেওয়ায় রাজ্য সরকার ২৫ কোটি টাকার জিএসটি রাজস্ব হারিয়েছিল। নতুন করে পেনশন প্রসেসিং ও অ্যাকাউন্ট ওপেনিং সেল স্থানান্তরিত হলে আরও রাজস্ব ক্ষতির সম্ভাবনা তৈরি হয়েছে। কর্মী সংগঠনগুলোর দাবি, কলকাতাকে দিল্লির অধীনস্থ না করে পূর্বাঞ্চলের একটি স্বতন্ত্র ও স্বাধীন গ্রিড হিসেবে গড়ে তোলা হোক, যাতে রাজ্যের রাজস্ব সুরক্ষিত থাকে এবং স্থানীয় পর্যায়ে কর্মসংস্থানের সুযোগ বজায় থাকে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *