মদ ব্যবসায়ীদের ৩০০ কোটির তোলাবাজি, তদন্ত চেয়ে এবার সরব ব্যবসায়ীরা!
বিগত তৃণমূল সরকারের জমানায় ২০২২ থেকে ২০২৫ সাল পর্যন্ত মদ পরিবহন ও সরবরাহের অছিলায় খুচরো ব্যবসায়ীদের কাছ থেকে প্রায় ৩০০ কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিদের মদতে এই বিপুল অঙ্কের অর্থ আদায় করা হয়েছে বলে দাবি করেছেন মদ ব্যবসায়ীদের সংগঠন ‘সোসাইটি ফর দ্য ওয়েলফেয়ার অফ ওয়েস্ট বেঙ্গল ফরেন লিকার লাইসেন্সিজ’। এই দুর্নীতির পুঙ্খানুপুঙ্খ তদন্ত চেয়ে সংগঠনের সচিব বিজনকুমার পাত্র রাজ্যের বর্তমান আবগারি কমিশনারের দ্বারস্থ হয়েছেন।
ব্যবসায়ীদের অভিযোগ, ২০২১ সালে চালু হওয়া ‘ডিস্ট্রিবিউটর-ডিপো’ ব্যবস্থার নিয়ম লঙ্ঘন করে প্রতিটি বোতল বা ক্যান সরবরাহের জন্য ১০ থেকে ১৩ টাকা পরিবহন খরচ এবং লোডিং-আনলোডিংয়ের নামে অনৈতিকভাবে এই টাকা আদায় করা হতো। কোনো প্রকার রসিদ বা বৈধ নথি ছাড়াই এই অর্থ নেওয়া হতো এবং ব্যবসা টিকিয়ে রাখার তাগিদে ব্যবসায়ীরা তা দিতে বাধ্য হতেন। ২০১৭ সালে স্বচ্ছতা আনার লক্ষ্যে গঠিত পশ্চিমবঙ্গ স্টেট বেভারেজেস কর্পোরেশনের নিয়ন্ত্রণ সরিয়ে নতুন এই মডেল চালুর পর থেকেই তা দুর্নীতির হাতিয়ারে পরিণত হয়েছে বলে ব্যবসায়ীরা অভিযোগে জানিয়েছেন। বর্তমানে নতুন সরকারের আবগারি বিভাগের কাছে পুরো চক্রটি উন্মোচনের পাশাপাশি একটি স্বচ্ছ ও সুষ্ঠু ব্যবসাবান্ধব পরিবেশ ফিরিয়ে আনার আর্জি জানানো হয়েছে।