দিঘায় শুভেন্দু অধিকারী, দাদনপাত্রবাড়ে গভীর সমুদ্রবন্দর নিয়ে কি বড় ঘোষণা?
মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবার দিঘা সফরে এসে রবিবার বিকেলে দিঘা-শংকরপুর উন্নয়ন পর্ষদের (ডিএসডিএ) এক উচ্চপর্যায়ের বৈঠকে যোগ দিলেন শুভেন্দু অধিকারী। সভায় দিঘার সামগ্রিক উন্নয়নের পাশাপাশি দাদনপাত্রবাড়ে প্রস্তাবিত গভীর সমুদ্রবন্দর নির্মাণের বিষয়টি গুরুত্বের সঙ্গে আলোচনা করা হয়। বৈঠকে কাঁথির সাংসদ সৌমেন্দু অধিকারী, সেচমন্ত্রী অরূপকুমার দাস, রামনগরের বিধায়ক ড. চন্দ্রশেখর মণ্ডল এবং জেলা প্রশাসন ও পুলিশের শীর্ষ আধিকারিকরা উপস্থিত ছিলেন।
তাজপুরে পর্যাপ্ত জমির অভাবে সমুদ্রবন্দর প্রকল্প থমকে থাকায় এর বিকল্প হিসেবে দাদনপাত্রবাড়কে বেছে নিয়েছে বর্তমান সরকার। পরিত্যক্ত নুন কারখানার ১ হাজার ৭০০ একর খাস জমিকে এই প্রকল্পের জন্য আদর্শ মনে করা হচ্ছে এবং প্রকল্পের রূপরেখা নিয়ে শিল্পপতি করণ আদানির সঙ্গেও মুখ্যমন্ত্রীর আলোচনা হয়েছে। এই বন্দর নির্মিত হলে পূর্ব মেদিনীপুরসহ রাজ্যের শিল্প ও বাণিজ্যে নতুন গতি আসবে এবং বিপুল কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। এছাড়া, দিঘা, মন্দারমণি ও শংকরপুরের পর্যটন পরিকাঠামো উন্নয়নের বিষয়েও এই বৈঠকে নীতিগত সিদ্ধান্ত গ্রহণের সম্ভাবনা রয়েছে।