অগ্নিকাণ্ডের গুজবে চলন্ত ট্রেন থেকে ঝাঁপ, প্রাণ হারালেন ৪ যাত্রী!
মধ্যপ্রদেশের হেতমপুর ও ঘের স্টেশনের মাঝামাঝি এলাকায় চলন্ত ট্রেনে অগ্নিকাণ্ডের ভুয়া গুজবের জেরে চার যাত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। রবিবার উদয়পুর ইন্টারসিটি এক্সপ্রেসে আগুন লেগেছে—এমন গুজবে আতঙ্কিত হয়ে বহু যাত্রী ট্রেন থেকে রেললাইনে ঝাঁপ দেন। ট্রেনটি থামার পর যাত্রীরা পাশের লাইনের ওপর ভিড় করলে বিপরীত দিক থেকে আসা পাতালকোট এক্সপ্রেসের নিচে চাপা পড়ে তিন মহিলা ও এক শিশু ঘটনাস্থলেই প্রাণ হারান।
দুর্ঘটনার খবর পেয়ে রেলের পদস্থ কর্মকর্তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহগুলো উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছেন। কোনো বাস্তব ভিত্তিহীন এই গুজব কীভাবে ছড়াল এবং এর পেছনে অন্য কোনো উদ্দেশ্য আছে কি না, তা নিয়ে রেল কর্তৃপক্ষ জোরকদমে তদন্ত শুরু করেছে। ট্রেনের ভেতর আতঙ্ক সৃষ্টি হওয়া এবং পরবর্তী সময়ে যাত্রীদের লাইনের ওপর নেমে আসার প্রেক্ষাপটটি খতিয়ে দেখা হচ্ছে।