ভারতের দুয়ারে রাশিয়া, এবার কি আকাশ কাঁপাবে ১০০টি সু-৫৭!
ভারতের বিমান বাহিনীর সক্ষমতা বাড়াতে রাশিয়া অন্তত ১০০টি পঞ্চম প্রজন্মের ‘সু-৫৭’ (Su-57) স্টিলথ ফাইটার জেট যৌথভাবে তৈরির প্রস্তাব দিয়েছে। এই চুক্তির আওতায় যুদ্ধবিমান তৈরির পাশাপাশি পূর্ণাঙ্গ প্রযুক্তি হস্তান্তরের অঙ্গীকার করেছে ক্রেমলিন। রাশিয়ার এই প্রস্তাব বাস্তবায়ন হলে দক্ষিণ এশিয়ায় ভারতের আকাশপথের প্রতিরক্ষা ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন আসবে বলে ধারণা করা হচ্ছে।
প্রস্তাব অনুযায়ী, রাশিয়ার একটি কারিগরি দল ইতোমধ্যেই নাসিকে হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেডের (HAL) কারখানা পরিদর্শন করেছে। তারা জানিয়েছে, নাসিকের বর্তমান অবকাঠামোর প্রায় ৫০ শতাংশ ব্যবহার করে এই উৎপাদন শুরু করা সম্ভব। প্রাথমিকভাবে সেমি-নকড ডাউন কিট দিয়ে উৎপাদন কার্যক্রম শুরু করে পর্যায়ক্রমে তা সম্পূর্ণ দেশীয়করণের রোডম্যাপও দেওয়া হয়েছে।
তবে এই প্রকল্পের বিশাল আর্থিক বিনিয়োগ ভারতের নিজস্ব যুদ্ধবিমান প্রকল্প ‘তেজাস’ এবং পঞ্চম প্রজন্মের ‘এএমসিএ’ (AMCA) তৈরির গতির ওপর প্রভাব ফেলতে পারে বলে শঙ্কা রয়েছে। রাশিয়া ও ভারতের এই যৌথ উদ্যোগ কার্যকর হলে তা ভারতের বিমান বাহিনীর স্কোয়াড্রনের ঘাটতি পূরণের পাশাপাশি এশিয়ায় আকাশসীমার আধিপত্য নিশ্চিত করতে সহায়তা করবে।