মোদীর ভাষণ কি নির্বাচনী স্ট্যান্ট? আদর্শ আচরণবিধি লঙ্ঘন নিয়ে কমিশনে সিপিআই!
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সম্প্রতি জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণকে ‘নির্বাচনী স্টন্ট’ আখ্যা দিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছে সিপিআই। দলের সাংসদ পি. সন্তোষ কুমার সরাসরি মুখ্য নির্বাচন কমিশনারের কাছে লিখিত অভিযোগ জমা দিয়ে এই আচরণের তীব্র প্রতিবাদ জানিয়েছেন। বর্তমানে পাঁচটি রাজ্যে আদর্শ নির্বাচনী আচরণবিধি কার্যকর থাকায় প্রধানমন্ত্রীর এই পদক্ষেপ নৈতিকভাবে প্রশ্নবিদ্ধ হয়েছে বলে অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে।
অভিযোগপত্রে দাবি করা হয়েছে, প্রধানমন্ত্রীর এই ভাষণ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত এবং তা সরকারি সংবাদমাধ্যম দূরদর্শন ও সংসদ টিভিতে প্রচার করা হয়েছে। বিরোধীদের মতে, করদাতাদের অর্থে পরিচালিত সরকারি প্ল্যাটফর্মকে কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের স্বার্থে ব্যবহার করা সরাসরি নির্বাচনী বিধিভঙ্গ এবং এটি সুষ্ঠু নির্বাচনের জন্য প্রয়োজনীয় সমান সুযোগ বা ‘লেভেল প্লেইং ফিল্ড’-এর পরিপন্থী। সাংসদ সন্তোষ কুমার দ্রুত ঘটনার তদন্ত করে জবাবদিহিতা নিশ্চিত করার জন্য নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানিয়েছেন। তবে এই বিষয়ে নির্বাচন কমিশন এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি।