কলকাতা ছাড়ছে স্টেট ব্যাঙ্কের ৩ বিভাগ, বাঙালির কর্মসংস্থানে বড় ধাক্কা!

কলকাতার একাধিক গুরুত্বপূর্ণ কেন্দ্রীয় পরিষেবা বিভাগ ভিন রাজ্যে সরিয়ে নেওয়ার পরিকল্পনা করেছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (এসবিআই)। ব্যাঙ্ক কর্মী সংগঠনগুলোর অভিযোগ, চেক ক্লিয়ারিং, অ্যাকাউন্ট ওপেনিং এবং পেনশন সংক্রান্ত প্রধান বিভাগগুলো দিল্লির ‘নর্দার্ন গ্রিড’-এর সঙ্গে মিশিয়ে দেওয়ার নীল-নকশা তৈরি করেছে কর্তৃপক্ষ। কলকাতা ইউনিটটি বর্তমানে পশ্চিমবঙ্গ, সিকিম ও আন্দামান-নিকোবরের চেক ক্লিয়ারিংয়ের প্রধান কেন্দ্র হিসেবে কাজ করে, যেখানে প্রতিদিন প্রায় ২২ হাজার চেক প্রসেস হয়। এই সিদ্ধান্তের ফলে পরিষেবা ব্যাহত হওয়ার পাশাপাশি পূর্ব ভারতের বাণিজ্যিক ও প্রশাসনিক গুরুত্ব কমে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

এই পরিকল্পনা বাস্তবায়ন হলে স্থায়ী কর্মীসহ আউটসোর্স ও ভেন্ডর শ্রেণির বহু মানুষের কর্মসংস্থানের ওপর নেতিবাচক প্রভাব পড়বে। ব্যাঙ্কের হিসাব অনুযায়ী, বিভাগগুলো স্থানান্তরিত হলে প্রায় ৩৫০ জন স্থায়ী কর্মীকে ভিন রাজ্যে বদলি হতে হবে, যার মধ্যে বহু নারী ও প্রতিবন্ধী কর্মী রয়েছেন। এর আগে কলকাতার বিদেশি মুদ্রা বিভাগ মুম্বইয়ে সরিয়ে নেওয়ায় রাজ্য সরকার প্রায় ২৫ কোটি টাকা জিএসটি রাজস্ব হারিয়েছে। এবার নতুন বিভাগগুলো স্থানান্তরিত হলে নতুন নিয়োগের সুযোগ কমে যাওয়ার পাশাপাশি রাজ্যের রাজস্ব আয়েও বড় ধরনের প্রভাব পড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *