৬ বছর পর খুলেই তোলপাড়, বিপাকে নাড্ডার কনভয়ে হামলার ‘পুষ্পা’!

ডায়মন্ড হারবারে বিজেপির তৎকালীন সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডার কনভয়ে হামলার ঘটনায় নতুন করে তদন্ত শুরু করেছে পুলিশ। ২০২০ সালের ওই হাইপ্রোফাইল মামলার এফআইআরে নাম থাকা ফলতার প্রাক্তন তৃণমূল নেতা জাহাঙ্গির খান ওরফে ‘পুষ্পা’-র বিরুদ্ধে এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। তদন্তকারীদের দাবি, আগের তদন্তে একাধিক গুরুত্বপূর্ণ দিক যথাযথভাবে খতিয়ে না দেখার কারণে অভিযুক্তরা আইনি সুবিধা পেয়ে গিয়েছিলেন, তাই ত্রুটি সংশোধনের লক্ষ্যে পুরনো মামলার ফাইল নতুন করে খোলা হয়েছে।

ভোট কারচুপির অভিযোগে ফলতায় পুনর্নির্বাচনের ঠিক আগে জাহাঙ্গির খান প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়ান এবং পরে নেপাল পালানোর ছক কষার সময় তিনি পুলিশের হাতে ধরা পড়েন। রাজনৈতিক হুমকি ও তোলা আদায়সহ একাধিক অভিযোগের ভিত্তিতে দীর্ঘ আইনি প্রক্রিয়ার পর রবিবার তাঁকে ডায়মন্ড হারবার এসিজেএম আদালতে হাজির করা হয়। প্রথম দফার পাঁচ দিনের পুলিশি হেফাজত শেষে তদন্তের স্বার্থে আদালত তাঁকে আরও ৬ দিনের পুলিশি হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *