নদীয়ায় ভোটের রণসজ্জা, ১৪১১ বুথ ‘সুপার সেনসেটিভ’! কেন্দ্রীয় বাহিনীতে কড়া নজরদারি
সীমান্তবর্তী জেলা নদীয়ায় অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন সুনিশ্চিত করতে নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে প্রশাসন। জেলার মোট ৫ হাজার ১৩৬টি বুথের মধ্যে ১ হাজার ৪১১টি বুথকে ‘সুপার সেনসেটিভ’ বা অতি-স্পর্শকাতর হিসেবে চিহ্নিত করা হয়েছে, যা মোট বুথের প্রায় ৩৬ শতাংশ। এর মধ্যে রানাঘাট পুলিশ ডিস্ট্রিক্টে ৮৫৬টি এবং কৃষ্ণনগর পুলিশ ডিস্ট্রিক্টে ৫৫৫টি অতি-স্পর্শকাতর বুথ রয়েছে। ভোট লুণ্ঠন ও রাজনৈতিক হিংসা রুখতে এই বিপুল সংখ্যক বুথে বাড়তি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
অতীতের রাজনৈতিক সংঘাত, সীমান্তবর্তী ভৌগোলিক অবস্থান, জঙ্গি কার্যকলাপের ইতিহাস, অস্ত্র ও মাদক উদ্ধার এবং সাম্প্রদায়িক সংবেদনশীলতার মতো বিষয়গুলো বিবেচনা করে এই কড়া সিদ্ধান্ত নিয়েছে কমিশন। এছাড়া সুষ্ঠু ভোটগ্রহণের লক্ষ্য নিয়ে প্রতিটি বুথে ভোটারের সংখ্যা ১ হাজার ২০০ জনের মধ্যে সীমাবদ্ধ রাখা হয়েছে, যার ফলে জেলায় ৪৫০টি নতুন অক্সিলিয়ারি বুথ তৈরি করা হয়েছে। বিশেষ নজরদারির আওতায় থাকা এলাকাগুলোর মধ্যে রানাঘাটের উত্তর-পূর্ব ও দক্ষিণ বিধানসভা কেন্দ্র এবং কৃষ্ণনগরের করিমপুর ও নাকাশিপাড়া উল্লেখযোগ্য। নির্বাচন কমিশনের নির্দেশিকা অনুযায়ী বুথ চত্বরের ১০০ মিটারের ‘লক্ষ্মণ রেখা’ কঠোরভাবে বজায় রাখার ওপর সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে।