ভুলবশতই গুলিবর্ষণ? হরমুজ কাণ্ডে ভারতের কাছে শেষমেশ নতিস্বীকার বন্ধু ইরানের!
কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীতে ওমান উপকূলে ভারতের দুটি বাণিজ্যিক জাহাজে ইরানের নৌসেনা গুলিবর্ষণ করেছে। শনিবার ইরাক থেকে প্রায় ২০ লক্ষ ব্যারেল জ্বালানি তেল নিয়ে ভারত ফেরার পথে ‘জাগ অর্ণব’ ও ‘সামনার হেরাল্ড’ নামের জাহাজ দুটি হামলার শিকার হয়। এতে ‘জাগ অর্ণব’ ক্ষতিগ্রস্ত হলেও অন্য জাহাজটি সুরক্ষিত রয়েছে এবং কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি বলে নিশ্চিত হওয়া গেছে। উল্লেখ্য, নিরাপত্তা নিশ্চিতের লক্ষ্যে ভারত কর্তৃক তালিকাভুক্ত ২১টি জাহাজের মধ্যে আক্রান্ত জাহাজ দুটিও অন্তর্ভুক্ত ছিল।
এই ঘটনার প্রেক্ষাপটে ভারতের বিদেশমন্ত্রক দিল্লিতে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূতকে তলব করে উচ্চপর্যায়ের বৈঠক করেছে। বৈঠকে ইরান দাবি করেছে, দুই দেশের মধ্যে যোগাযোগের ত্রুটির কারণে একটি ভুল বোঝাবুঝির সৃষ্টি হয় এবং এই হামলাটি ছিল সম্পূর্ণ অনিচ্ছাকৃত। একইসাথে ইরান দুই দেশের দীর্ঘস্থায়ী সুসম্পর্কের ওপর গুরুত্বারোপ করে ভারতীয় বাণিজ্যিক জাহাজগুলোর নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়েছে। তবে আন্তর্জাতিক জলসীমায় ঘটে যাওয়া এই অনাকাঙ্ক্ষিত ঘটনা জ্বালানি আমদানির ক্ষেত্রে ভারতের উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।