কুণাল ঘোষের ওপর ডিম হামলা, শোরগোল রাজ্য রাজনীতিতে!
কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে আক্রান্ত কুণাল ঘোষ
সোমবার বিকেলে কলকাতার কালীঘাটে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাসভবনের সামনে তৃণমূল বিধায়ক কুণাল ঘোষের ওপর ডিম ছুড়ে হামলার ঘটনা ঘটেছে। বিকেল সাড়ে ছয়টা নাগাদ দলনেত্রীর বাড়ি থেকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হওয়ার সময় আচমকাই তাঁর মাথা লক্ষ্য করে ডিম ছোড়া হয়। চন্দন নামে স্থানীয় এক যুবক এই ঘটনার দায় স্বীকার করে এলাকা থেকে পালিয়ে যায়। শাসকদল দীর্ঘদিন সাধারণ মানুষের ওপর অত্যাচার চালিয়েছে—এই অভিযোগে ক্ষুব্ধ হয়ে তিনি হামলার পথ বেছে নিয়েছেন বলে দাবি করেছেন অভিযুক্ত।
এই ঘটনার পর কুণাল ঘোষ রাজ্যের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে তীব্র প্রশ্ন তুলেছেন। দলের শীর্ষ নেতৃত্বের ‘জেড ক্যাটাগরি’ নিরাপত্তার মাত্র ১০ মিটারের মধ্যে এই ধরনের হামলা কীভাবে সম্ভব হলো, তা নিয়ে তিনি অসন্তোষ প্রকাশ করেছেন। নিজের বিরুদ্ধে ওঠা অত্যাচারের অভিযোগ অস্বীকার করে বিধায়ক জানান, কোনো অন্যায় হয়ে থাকলে তা পুলিশ করেছে, যার দায় তাঁর ওপর বর্তায় না। একই সঙ্গে তিনি হামলাকারীদের ‘এক মাঘে শীত যায় না’ বলে পরোক্ষ হুঁশিয়ারিও দিয়েছেন। রাজ্যে সাম্প্রতিক সময়ে জনপ্রতিনিধিদের লক্ষ্য করে ‘ডিম থেরাপি’ বা হামলার ঘটনা ক্রমশ বৃদ্ধি পাওয়ায় ভিআইপিদের নিরাপত্তা নিয়ে নতুন করে চিন্তার অবকাশ তৈরি হয়েছে।